রংপুর মহানগরীর ক্রিকেট গার্ডেনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। জেলা ক্রীড়া সংস্থার প্রধান ও রংপুরের জেলা প্রশাসক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আনোয়ারুল ইসলাম এমনটাই জানালেন।
রংপুর নগরীর প্রাণকেন্দ্রের ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন ছয় শতাধিক কিশোর-তরুণ কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের শানিত করছে। স্বল্প-পরিসর, তাই পালা করে মাঠে নামে তারা। বলতে গেলে কোনোরকম সাহায্য-সহায়তা মেলে না। উদ্যোগী কিছু মানুষই এর চালিকা। তবে এই মাঠ নিয়ে স্বপ্ন সবার।
জেলা প্রশাসক এনামুল হাবিব সাংবাদিকদের জানান, মাঠটির সংস্কার ও কিছু আধুনিক সুযোগ-সুবিধা যোগ করার চেষ্টা করবেন তারা। এর মধ্যে থাকবে একটি ড্রেসিং রুম এবং কয়েকটি পিচের ব্যবস্থা।
বিসিবির পরিচালক আনোয়ারুল ইসলাম জানান, ভেন্যুটিতে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিসিবির অর্থায়নে ক্রিকেট একাডেমি করার উদ্যোগ নিয়েছেন তিনি।
