নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন আন্দোলনে বিজয় অর্জন ও শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না। এই ‘আপসহীন নেত্রী’ তার আপসহীনতার প্রমাণ দিতে পারেননি। বেগম খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরে গেছেন।
শনিবার মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ‘শিশুর প্রতি সহিংসতা নিরসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশসুপার খোন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, সাবেক পৌরমেয়র নুরুল আলম বাবু চৌধুরী, যুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খানসহ অন্যরা।
নৌ-মন্ত্রী বলেন, দুনিয়ার কোন ইতিহাসে নেই কোন সন্ত্রাসী বিজয় অর্জন করেছে। সুতরাং বেগম খালেদাও বিজয় অর্জন করতে পারেন নি। এ দেশকে যারা ধ্বংস করতে চায়, সেই বিএনপি ও জামায়াতকে মানুষ চিহ্নিত করেছে। তাই এ দেশের মানুষ তাদের বিজয় অর্জনের কোন সুযোগ দেয়নি এবং দেবেও না।
