বার্সার সেভিয়া পরীক্ষা আজ

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৮:৩৩
 
বার্সেলোনাকে লা লিগা পয়েন্ট তালিকায় চার পয়েন্টের ব্যবধানসহ শীর্ষের স্থান ধরে রাখতে হলে ৩১ ম্যাচ ধরে অপরাজিত থাকা স্বাগতিক সেভিয়াকে আজ হারাতেই হবে। অন্যথায় একই দিন রিয়াল মাদ্রিদ তুলনামূলক দুর্বল দল অতিথি দল এলচের বিপক্ষে জয় নিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমিয়ে আনবে।
 
বার্সা গত বুধবার আলমেরিয়াকে হারিয়ে তাদের জয়রথ ধরে রেখেছে। এই নিয়ে টানা নয় খেলায় জয় পেলো কাতালানিয়া দলটি। এরপরও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারি সেইন জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হওয়ার তিনদিন আগে কঠিন প্রতিপক্ষ সেভিয়ার সঙ্গে লড়াইটাকেও কঠিন হিসেবে নিতে হচ্ছে মেসিদের।
 
তবে বার্সা ভীত নয় বলে জানালেন তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ, যিনি দলের সর্বশেষ খেলায় আলমেরিয়ার বিপক্ষেও জোড়া গোল করেছেন। এই উরুগুয়ান বলেন, ‘আমরা জানি যে, সামনের ম্যাচগুলো অনেক কঠিন, কিন্তু ম্যাচগুলো আমাদের সাধ্যমতো খেলতে পারলে ভালো একটি সুযোগ পাওয়া যাবে। আমরা এটা পারবো, কেননা দলটির নাম বার্সা।’
 
বার্সা নেইমার এবং জেরার্ড পিকে’সহ দলে নিয়মিত খেলা ছয় সদস্যকেই সেভিয়ার বিপক্ষে পাচ্ছে; আলমেরিয়ার বিপক্ষে আক্রমণভাগ এবং রক্ষণভাগের এই দুই খেলোয়াড় বিশ্রামে ছিলেন। দলের চলতি মাসের কঠিন সূচীর ব্যাপারে ডিফেন্ডার পিকে বলেন, ‘এমনো হতে পারে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যেতে পারি অথবা লিগের লিড হারাতে পারি। এমন অবস্থায় আমাদের ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে। এপ্রিল মাসটা ভালোভাবে কাটিয়ে দিতে পারলে—এর অর্থ দাঁড়াবে আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করবো এবং লা লিগার শীর্ষস্থানও অটুট রাখতে পারবো।’
 
ছন্দে আছে সেভিয়াও। সব ধরনের প্রতিযোগিতায় দলটি গত সাত খেলার সবক’টিতেই জয় পেয়েছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে পয়েন্ট তালিকায় ভ্যালেন্সিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মরিয়া হয়ে লড়ছে তারা। এ ব্যাপারে দলের মিডফিল্ডার ড্যানিয়েল ক্যারিকো বলেন, ‘মৌসুমের এমন অবস্থায় খুব বেশি ভালো খেলার প্রত্যাশা করছি না আমরা। আমাদের অনেক আত্মবিশ্বাস আছে, এটা ধরে রাখতে চাই। শনিবার আমাদের সামনে কঠিন একটি ম্যাচ রয়েছে। কিন্তু খেলাটি আমাদের মাঠে হবে, পাশে আমাদের সমর্থকদের পাবো। ফলে সবসময়ের মতো এবারো সুবিধা পাবো।’ এদিকে, এলচের বিপক্ষে খেলাটি মিস হতে পারে রিয়ালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর। রায়ো ভায়োকানোর বিপক্ষে গত ম্যাচে ডাইভ দেয়ার অপরাধে হলুদ কার্ড পাওয়ায় তাকে নিয়ে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। ভায়োকানোর বিপক্ষে হলুদ কার্ড পেয়েছেন টনি ক্রুস এবং হামেস রড্রিগেজও। ফলে তারা নিশ্চিতভাবে এলচের বিপক্ষে নিষেধাজ্ঞার কবলে পড়ছেন। ফলে এলচের বিপক্ষে কিছুটা দুর্বল আক্রমণভাগ নিয়ে নামতে হবে রিয়ালকে। এলচের বিপক্ষে দলের গোলরক্ষকের দায়িত্বে ইকার ক্যাসিয়াসের জায়গায় কাইলর নাভাসকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন দলের কোচ কার্লো অ্যানচেলত্তি।  এদিন বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাবে মালাগার মাঠে।—এএফপি