উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামে শনিবার বিকালে সুমি আক্তার জ্যোত্স্না (৩০) নামে এক গৃহবধুকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। পুলিশ স্বামী নজরুল সেক (৩৫) ও জিজ্ঞাসাবাদের জন্য শ্যালক মাহফুজুর রহমান রাসেলকে (২৮) আটক করেছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মৃত আলেম সেকের ছেলে নজরুল সেকের সাথে মাগুরা জেলার কচুনদীয়া গ্রামের শামচুর রহমানের মেয়ে সুমি আক্তার জ্যোত্স্নার ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী মেয়ে নুরজাহান ও ৩ বছরের জোনায়েত নামের একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি নজরুল সেক পারিবারিক কারণে বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় প্রকাশ্যে দিবালোকে কুড়াল ও সাবোল নিয়ে স্ত্রীকে গলায়, মুখে ও হাতে এলোপাথারি কুপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন ভয়ে পালিয়ে যায়। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে নিজেও নিজের পেটে কুড়াল দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসাপাতালে ভর্তি করে। এলাকার কাউন্সিলর সেক সৈয়াদ আলী জানায়, নজরুল কয়েক মাসে ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
থানার উপ-পরিদর্শক জালাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং নজরুলকে আটক করেছি।
