‘শয়তান’ ফন গাল!

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৩:৪০

 

প্রতিপক্ষ কোচ কিংবা খেলোয়াড়ের কাছ থেকে দীর্ঘ কোচিং জীবনে হয়তো অনেকবারই বাজে কথা কিংবা গালি হজম করতে হয়েছে তাকে। কিন্তু এবার দিয়েগো ম্যারাডোনার কাছ থেকে যেটা শুনলেন তাতে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের পিলে চমকে যেতে বাধ্য। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ফন গালকে পরোক্ষভাবে তুলনা করেছেন শয়তানের সঙ্গে! এই ডাচের সঙ্গে নাকি মানুষের চেয়ে শয়তানের মিলই বেশি!

 

কেন ফন গালের প্রতি এত বিতৃষ্ণা সেটা ম্যারাডোনা স্পষ্ট করেছেন পরের কথাতেই। ক্লাবটির কলাম্বিয়ান ফরোয়ার্ড র্যাদামেল ফ্যালকাওকে দলে না নেয়াই তাকে ফন গালের চরিত্রের এই রূপ প্রকাশ করছে বলে ইঙ্গিত দিয়েছেন ম্যারাডোনা।
 
বিশ্বকাপের পর এক মৌসুমের জন্য ধারে ফ্যালকাওকে মোনাকো থেকে আনে ইউনাইটেড। চোটের কারণে বিশ্বকাপে খেলতে না পারা এই সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ইংল্যান্ডে এসেই যেন হঠাত্ করে হারিয়ে ফেলেন গোল করার ক্ষমতা। গত আট মাসে রেড ডেভিলদের পক্ষে মাত্র চারটি গোল করতে পেরেছেন তিনি। ফলাফল স্বরূপ ফন গালের নিয়মিত একাদশে দেখা যাচ্ছে না তাকে।
 
তবে ফর্মের দিকে তাকিয়ে ফন গালের এই মুহূর্তে ফ্যালকাওকে নিয়মিত দলে সুযোগ দেয়া উচিত বলে মনে করছেন ম্যারাডোনা। এমন একটা অস্ত্রকে কাছে পেয়েও ব্যবহার করছেন না বলে ফন গালের সমালোচনা করে তিনি বলেন, ‘ফন গাল আসলে ভালো লোক হতে পারেন না। অন্য কিছুর চেয়ে তার সাথে আমি শয়তানের মিল খুঁজে পাই।’
 
চোটের কারণেই ফ্যালকাও ইংলিশ লিগের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘চোটের কারণে সে সময়ের সংক্ষিপ্ততায় পড়েছে। একই কারণে তাকে ইংল্যান্ডে মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে।’
 
আজ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধেও খেলার সম্ভাবনা তেমন নেই ফ্যালকাওয়ের। ওল্ড ট্র্যাফোর্ডে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে এই দুই নগর প্রতিদ্বন্দ্বী।
 
তবে ম্যারাডোনার হঠাত্ করে এই ফ্যালকাও প্রীতির পেছনে চাইলে অন্য কারণও খুঁজতে পারেন কেউ। কলাম্বিয়ার রাজধানী বোগোতায় একটা প্রীতি ম্যাচে অংশ নিতে সেখানে গিয়েছিলেন ম্যারাডোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের একথা বলেন তিনি। ম্যাচে পেনাল্টি থেকে গোলও পেয়েছেন ম্যারাডোনা।