ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ ‘ম্যানচেস্টার ডার্বি’ মাঠে গড়াচ্ছে আজ। এদিন ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। এই লড়াই নিয়ে উজ্জীবিত ম্যান ইউ’র অধিনায়ক কোচ লুই ফন গল। নিজের কোচিং ক্যারিয়ারের দীর্ঘ অর্জনের তালিকায় ম্যানচেস্টার ডার্বি’র জয় সংযোজন করে আরো সমৃদ্ধ করতে চান এই ডাচ কোচ। এ ক্ষেত্রে সিটির বিপক্ষে ইউনাইটেডের সামপ্রতিক নৈপূণ্যহীনতাকে বড় করে দেখছেন না ফন গল। প্রতিপক্ষ সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিরও প্রত্যাশা দল নৈপুণ্যহীনতার মধ্যে থাকলেও ম্যান ইউ’র বিপক্ষে ভালো কিছু করবে।
ম্যানচেস্টার ডার্বি’র গত চার খেলার সবক’টিতেই সিটির কাছে হারে ম্যান ইউ। শক্তিশালী প্রতিপক্ষের কাছে পরাজয়ের এই ধারায় যে করেই হোক আজ ছেদ ঘটাতে চায় রেড ডেভিলসরা। কোচ ফন গল জানালেন সিটির কাছে ম্যান ইউ’র গত চার পরাজয়ের তিনটিই ছিলো ক্লাবটিতে তার দায়িত্ব নেয়ার আগের ঘটনা। তাই আজকের লড়াইয়ের আগে সামপ্রতিক অতীতকে খুব বেশি প্রাসঙ্গিক মনে করছেন না ফন গল।
ম্যান ইউ’র বিপক্ষে সিটি সবচেয়ে কাছের সাফল্যটা পায় গত নভেম্বরে, ইত্তেহাদ স্টেডিয়ামে। এই লড়াইয়ে স্বাগতিক দলের হয়ে একমাত্র জয়সূচক গোল করেছিলেন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। যদিও ক্রিস স্মলিং লাল-কার্ড পাওয়ায় ম্যান ইউকে একজন কম নিয়ে খেলতে হয়েছিলো অতিথি ম্যান ইউকে।
সিটির বিপক্ষে জয় পাওয়া স্বপ্ন হিসেবে উল্লেখ করে ম্যান ইউ কোচ ফন গল বলেন, ‘অবশ্যই এটা নিয়ে আমি স্বপ্ন দেখি।’ এ ব্যাপারে আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচ আরো বলেন, ‘শুধু আমি না, দলের প্রত্যেক খেলোয়াড়ই এই লড়াইয়ের ব্যাপারে স্বপ্ন দেখে।’ সিটির কাছে ম্যান ইউ’র সামপ্রতিক ব্যর্থতার সবটুকু নিজের বলে মানতে নারাজ এই ডাচ কোচ। এ ব্যাপারে তিনি বলেন, ‘তাদের কাছে গত চার খেলার ব্যর্থতা? এটা আমার গল্প নয়। এ ক্ষেত্রে আমি কী বলতে পারি? আমার তত্ত্বাবধানে সিটির কাছে দল কেবল একটি খেলায় হেরেছে। এটাই আমার সময়কালের পরিসংখ্যান। খেলাটিতে ১-০ গোলে হেরেছিলাম আমরা। তাছাড়া ওই খেলায় আমাদের একটি লাল কার্ডও ছিলো।’
বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় নিয়ে তালিকায় ম্যান ইউ তৃতীয়স্থান আরো সুদৃঢ় করতে চায় বলে জানালেন ফন গল। এর মধ্য দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও অনেকটা পাকাপোক্ত হবে ইংলিশ লিগের সবচেয়ে সফল দলটির। ওল্ড ট্রাফোর্ডের দল ৬২ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে থাকলেও সিটি থেকে তাদের পয়েন্ট পার্থক্য মাত্র এক। ম্যান ইউ’র কোচ বলেন, ‘আমরা অবশ্যই ম্যাচটি জিততে চাই। কেননা এর ফলে পয়েন্ট তালিকায়ও আমরা সুবিধা পাবো। খেলাটিতে জয় পেলে তৃতীয় স্থান আমাদের নাগালের মধ্যেই থাকবে। এক মাস আগেও আমি ছাড়া দলের এই সাফল্য নিয়ে কেউ চিন্তা করেনি!’
সিটির সঙ্গে ডার্বি ম্যাচটি ‘বিশেষ কিছু’ হিসেবে উল্লেখ করে ফন গল বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ডের দিক থেকে আমরা ব্যতিক্রম নই। আমিও তাই জানি যে একই শহরের দু’টি দলের মধ্যে ডার্বি ম্যাচ মানে বিশেষ কিছু। তবে আমি সবসময়ই আত্মবিশ্বাসী, কারণ দলের প্রতি আমার আস্থা আছে।’ তবে খেলাটিতে স্ট্রাইকার রবিন ফন পার্সিকে পাচ্ছে না ম্যান ইউ। গোড়ালির চোট এখনো কাটিয়ে ওঠতে পারেননি এই ডাচ ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের কারণে খেলতে পারছেন না লেফট-ব্যাক লুক শও।
এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বাজে সময় পার করছে সিটি। বিশেষ করে প্রতিপক্ষের মাঠে মোটেও ভালো করতে পারছে না তারা। এরপরও ম্যান ইউ’র বিপক্ষে ডার্বি ম্যাচ নিয়ে চিন্তিত নন কোচ পেলেগ্রিনি। তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষের মাঠে গত তিনটি ম্যাচ হেরেছি, বিশেষ করে গত দুটিতে বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের কাছে সেট পিস থেকে দু’টি করে গোল হজম করতে হয়েছে আমাদের। এরপরও ভালো দিকগুলো আমরা ধরে রাখতে পারবো বলে আশাবাদী। কারণ আমরা মারাত্মক বিপর্যয়ের মধ্যে নেই এবং আমাদের সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়নি। আমাদের অনেক কিছুই ভালো হচ্ছে।’—সুপার স্পোর্টস, সকারওয়ে
