চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী গ্রামের ৮ম শ্রেণি’র এক স্কুল ছাত্রীর বালবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে ওই স্কুল ছাত্রী’র নিজ বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে মেয়ে’র বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও মো. হাবিবুল হাসান।
জানা যায়, কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার মাহবুবুর মেম্বার বাড়ি’র জাফর আহমদের মেয়ে কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাশেদা বেগমের (১৩) সঙ্গে শিকলবাহা ইউনিয়নের দক্ষিণ শিকলবাহা এলাকার মুজিবুর রহমানের ছেলে মো. বেলালের সঙ্গে কনের বাড়িতে বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে পটিয়ার ইউএনও’র নেতৃত্বে একদল পুলিশ অনুষ্ঠানে গিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন। এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল হাসান জানান, বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। কনের বাবা-মার কাছ থেকে কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুচলেখা নেওয়া হয়।
