কুমিল্লার চান্দিনায় বাস চাপায় রাজিব আহমেদ (৩৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব আহমেদ চান্দিনা উপজেলার কুটুম্বপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মবিন এর ছেলে। তিনি কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে শিক্ষক রাজিব আহমেদ বিদ্যালয় ছুটি শেষে বাজারের টুকি-টাকি কাজ শেষে বাড়ি ফেরার সময় ঢাকাগামী তিসা পরিবহনের একটি বাস চাপা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (সার্জেন্ট) আসাদ জানান, ঘটনার পরপর ঘাতক বাসটি পালিয়ে যায়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি।
এদিকে মা-বাবার একমাত্র ছেলে দুই সন্তানের জনক রাজিব এর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের নিটাত্মীয় ও স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান, রাজিব তার মা-বাবার এক মাত্র ছেলে। গত প্রায় ৫-৬ বছর পূর্বে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় তার দুটি সন্তান রয়েছে। প্রায় দুই বছর আগে তাকে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।
ইমরান আরও জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যালয়ে শিক্ষার্থীরা। শিক্ষকের মৃত্যুর খরব শুনার পর শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করার চেস্টা করে। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
