খালেদা জিয়াকে বাধা না দিয়ে দেখুন জনগণ কার পক্ষে: বুলু

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ২২:০২
 
 
 
 
 
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা না দিয়ে দেখুন জনগণ কার পক্ষে’ বলে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। ‘খালেদা জিয়ার জনগণের সামনে দাঁড়ানোর অধিকার নেই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার এক বিবৃতিতে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
বিবৃতিতে বরকত উল্লাহ বুলু বলেন, ‘বিএনপির চেয়ারপারন আইন-আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। শাসকদলীয় সন্ত্রাসের মুখে নিরাপত্তাজনিত কারণেই তিনি কয়েক দফা আদালতে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরই তিনি আইন-আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে উপস্থিত হয়েছেন।’
বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমরা স্মরণ করিয়ে দিতে চাই—আওয়ামী লীগ সভানেত্রী বিরোধীদলে থাকাকালে তার বিরুদ্ধে রুজু মামলায় কতবার আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন।’
বুলু বলেন, ‘খালেদা জিয়াকে গত ৫ জানুয়ারি থেকে কার্যত অন্তরীণ রেখে তার বের হওয়ার পথে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে সরকার প্রমাণ করেছে—তারা নিজেরাই জনগণের সামনে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছেন।’