কামারুজ্জামানের ফাঁসিতে আনন্দ মিছিল

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ০০:২১

১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়। বিতরণ করা হয় মিষ্টি। অন্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

রংপুর প্রতিনিধি জানান, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় গতকাল রবিবার রংপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল দুপুরে মহানগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারকার্য দ্রুতসম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
শেরপুর প্রতিনিধি জানান, রবিবার ভোরে শেরপুরে কামারুজ্জামানের লাশের দাফন সম্পন্ন হওয়ার পর মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল করেছে। সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে জেলা কমান্ডার নূরুল ইসলাম হিরুর নেতৃত্বে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জেলা কমান্ডার নূরুল ইসলাম হিরু, উপজেলা কমান্ডার মোখলেছুর রহমান আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে গত শনিবার রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর পরই জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে জাসদের একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।
 
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, শনিবারে রাতে কামারুজ্জামানের ফাঁসির খবর পাওয়ার সাথে সাথে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে লঞ্চঘাটে সমাবেশে বক্তারা বলেন, কামারুজ্জামানের ফাঁসিতে বাংলাদেশ কলংক মুক্ত হলো। অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।
 
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, আলবদর নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১০টায় একটি আনন্দ মিছিল পটকা ও আতশবাজি ফুটিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শ্লোগান ছিল ‘যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর রাজনীতি বন্ধ  করতে হবে।’
 
বাগেরহাট প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। রবিবার সকালে শহরের রেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
ময়মনসিংহ প্রতিনিধি জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় ময়মনসিংহে রবিবার আনন্দ মিছিল করেছে জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সর্বস্তরের মানুষ। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের গোলপুকুরপাড় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বেও আনন্দ মিছিল বের হয়।
 
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে রবিবার সকালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় গতকাল মদনে আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ।
 
কেন্দুয়া ((নেত্রকোনা) সংবাদদাতা জানান, মানবতাবিরোধী অপরাধে আল বদর নেতা কামারুজ্জামানের মৃত্যৃদণ্ড কার্যকর হওয়ায় গতকাল দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন।

 

সিলেট অফিস জানায়, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ রবিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, এই রায় কার্যকর হওয়া মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।