শুক্রবার সকালে মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে। শহরের গয়ালী পাড়া মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ৫নং ওয়ার্ডের গয়ালীপাড়ার কমল চন্দ্র গয়ালীর তালাবদ্ধ বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘরে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন প্রতিবেশী মাখন চন্দ্র গয়ালীর বসতঘরেও লেগে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঠবাড়িয়া উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
