আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হককে সমর্থন দিয়েছে বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তাসহ ব্যবসায়ীরা। গতকাল রবিবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে এক সভায় গার্মেন্টস ও টেক্সটাইল ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে এ সমর্থনের ঘোষণা দেয়া হয়। সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ওইদিন সবার ছুটি থাকবে। আমরা সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে আনিসুল হকের পক্ষে কাজ করব। প্রমাণ হবে ব্যবসায়ীরা শুধু ব্যবসাই করে না। নির্বাচন করে এবং জয়লাভও করে।
গার্মেন্টস ও বস্ত্রখাতের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এ সভার আয়োজন করে। ‘গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিতে ভবিষ্যতে করণীয় নিয়ে মতবিনিময়’ নামে ওই সভার আয়োজন করা হলেও সব বক্তার বক্তব্যে সিটি নির্বাচন ও আনিসুল হককে সমর্থনের কথাই উঠে আসে। তারা বলেন, ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিনিধি আনিসুল হককে নির্বাচিত করতে হবে।
আনিসুল হক মতপার্থক্য ভুলে তার পাশে দাঁড়ানোয় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এ শহরকে নতুন করে সাজানোর প্রত্যয় নেব। পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ আর মানবিক ঢাকা গড়ে তুলব।
