কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, আটক এক

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৭

কিশোরগঞ্জে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এতে একজন কনস্টেবল আহত ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রকিব(২৭) নামে এক সন্ত্রাসী পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি চাপাতি ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জ-ভৈরব সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেলঘাট-জালুয়াপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে বসে কতিপয় সন্ত্রাসী অপরাধকর্ম সংঘটিত করার জন্য শলা-পরামর্শ করছে মর্মে খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ তাদের ঘেরাও করে। এসময় সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। পুলিশও তাদের প্রতি পাল্টা ১৩ রাউন্ড গুলি ছোড়ে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক রকিব যুবলীগ নেতা মণি হত্যা মামলাসহ ৮টি মামলার পলাতক আসামি। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তির পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবল মাহবুবকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে মডেল থানায় দুটি মামলা হয়েছে বলে ওসি জানান।