নওগাঁর রাণীনগরে গত সপ্তাহের বয়ে যাওয়া প্রচণ্ড ঘূর্ণিঝড়ে উপজেলার পোঁওয়াতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি টিনের ঘর ভেঙ্গে গেছে। ঘটনার চার দিনেও ঘরগুলো নির্মাণ করতে না পারায় ১২০ জন শিক্ষার্থীর খোলা আকাশের নিচে তীব্র রোদের মধ্যে চলছে পাঠদান।
উপজেলার প্রত্যন্ত এ অজপাড়াগাঁয় গ্রামের সাধারণ মানুষদের অর্থে ঘর নির্মাণ করে শুরু হয় শিক্ষা কার্যক্রম। ঝড়ে তিনটি ঘরই ভেঙ্গে গেছে। ঘরের মধ্যে থাকা টেবিল, চেয়ার ও বেঞ্চগুলো ভেঙ্গে গেছে।
অভিভাবক হেলাল উদ্দিন মো. আশরাফ, ফারুক হোসেনসহ অনেকে জানান, ঘরগুলো ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চায় না। ঘরগুলো নির্মাণ করা না হলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পড়াশুনা ব্যাহত হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. সাবেরা সুলতানা জানান, আগামী ২২ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথায় পরীক্ষা নেয়া হবে তা এখনও অনিশ্চয়তার মাঝে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হবিবুর রহমান হবি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ভবন নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ ইসরাফিল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান জানান, ভেঙ্গে যাওয়া বিদ্যালয় সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোওয়ারি জানান, ওই বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। দ্রুত ভবন নির্মাণসহ নিরাপদ স্থানে পাঠদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
