৪৪ বছরেও সংস্কার হয়নি বনগাও আহমদনগর রাস্তা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৫:২২
 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাও-আহমদ নগর রাস্তাটি ৪৪ বছরেও সংস্কার, সম্প্রসারণ কিংবা পাকা করার কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন।
 
গ্রামবাসীরা জানায়, এ রাস্তাটি সংস্কারের অভাবে যানবাহন তো দূরের কথা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের। ৫ কি.মি. রাস্তায় ৪টি খাল ও ১টি নদী রয়েছে। এসব স্থানে আজো নির্মিত হয়নি ব্রিজ/কালভার্ট। খালগুলোর ওপর বিভিন্ন সময় কাঠের সেতু নির্মাণের অজুহাতে হয়েছে সরকারি অর্থ লুটপাট।
 
দীর্ঘদিন পূর্বে ২টি ভাঙা অংশে কাঠের সেতু ও ১টিতে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ জরাজীর্ণ কাঠের সেতু ও বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিশু-কিশোরসহ পথচারীরা।
 
বেহাল রাস্তার কারণে কৃষক উত্পাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছে না। রাস্তাটি ১০ গ্রামের মানুষের সীমাহীন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে। বর্ষা মৌসুমে এসব গ্রামের মানুষ বাড়ি থেকেই বের হতে পারছে না।
 
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, রাস্তা সংস্কারের ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলে নির্মাণ করা হবে।