যুক্তরাষ্ট্রের জনবহুল সৈকতে ধর্ষণ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৭:৪৯
ফ্লোরিডার উন্মুক্ত সৈকতে শত লোকের সামনে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটলো। কলেজের কয়েকজন বখাটে ছাত্র মিলে ধর্ষণ করলেও কেউ বাধা দিতে এগিয়ে আসেননি। এই সময় কেউ পুলিশের কাছে অভিযোগও করেননি। 
১০ মার্চে ঘটে যাওয়া এ ঘটনার এক মাস পর এরসঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফ্লোরিডার পাশের রাজ্য অ্যালবামা থেকে দুইজন কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। 
 
শুক্রবার ফেইসবুকে পোস্ট করা এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের কথা ঘোষণার সময় ঘটনাটিকে ‌'বন্য পশু শিকারের' সঙ্গে তুলনা করেছেন ফ্লোরিডার এক কর্মকর্তা।
 
গুলিবর্ষণের একটি ঘটনার তদন্ত করতে যেয়ে ধর্ষণ ঘটনার ভিডিও তাদের হাতে আসে বলে জানিয়েছে ফ্লোরিডার কর্তৃপক্ষ। ওই ভিডিওতে দেখা ঘটনার সঙ্গে জড়িত তৃতীয় আরেকজনকে খোঁজা হচ্ছে। 
 
শেরিফ ম্যাকেইথেন বলেছেন, “দিনের বেলা শত শত লোকের সামনে এ ঘটনা ঘটেছে। কী ঘটছে তারা দেখেছেন ও শুনেছেন, কিন্তু কেউ ধর্ষিত হচ্ছে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে তারা তাদের পানীয় যেন না পড়ে যায়, তাই নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন।” 
 
এই ঘটনা নিয়ে রোববার যুক্তরাষ্ট্রের কোনো প্রভাবশালী গণমাধ্যমে কোনো সম্পাদকীয় প্রকাশ করা হয়নি বা কোনো প্রতিবাদও অনুষ্ঠিত হয়নি।