ই-ব্যাংকিং ও ই-কমার্স বিবরণী প্রতিমাসে দাখিলের নির্দেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৯:০৬
ব্যাংকগুলোকে ই-ব্যাংকিং এবং ই-কমার্স বিবরণী প্রতিমাসে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে ব্যাংকগুলোকে প্রতি তিনমাস পর পর এ বিবরণী দাখিল করতে হতো। বাংলাদেশ ব্যাংকের মাসিক অর্থনৈতিক গতি প্রকৃতি শীর্ষক বইয়ে হালনাগাদ তথ্য সংযোজনের প্রয়োজনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাস থেকেই বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে এ বিবরণী দাখিলের কথা বলা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, বর্তমানে ই-ব্যাংকিং এবং ই-কমার্স বিবরণী আরআইটি এর মাধ্যমে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে পরিসংখ্যান বিভাগে প্রেরণ করা হচ্ছে। বিবরণীর এসব তথ্য দিয়ে মান্থলি ইকোনমিক ট্রেন্ডস বইটি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এসব তথ্য উপাত্ত নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অর্থনৈতিক সূচকগুলোর গতিধারা পর্যালোচনার জন্য তা এর ব্যবহারকারী ও গবেষকদের নিকট ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য এখন থেকে ই-ব্যাংকিং ও ই-কমার্স বিবরণী ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে ১০ তারিখের মধ্যে দাখিল করতে আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই আরআইটি বিবরণী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড অথবা পরিসংখ্যান বিভাগের এসএসপি উপবিভাগ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।