ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২ ভাগ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৯:২৩
পুঁজিবাজারে সোমবার সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চারশ’ কোটি টাকা ছাড়িয়ে গেছে এই দিন। লেনদেন হয়েছে ৪১২ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৪২ শতাংশ বেশি। সোমবার বাজারে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন। দর বৃদ্ধিতেও কোম্পানিটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। 
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১২ কোটি ১৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২২ কোটি ৬২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে ইফাদ অটোস লিমিটেড। দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ কার্যদিবসে ইফাদ অটোসের শেয়ার দর দুই দিন ছাড়া প্রতিদিনই বেড়েছে। এ সময় শেয়ারটির দর বেড়েছে ১৩ দশমিক ৬০ টাকা। এদিকে ডিএসই ও সিএসই জানিয়েছে, আজ মঙ্গলবার পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল থেকে যথা সময়ে বাজারের লেনদেন শুরু হবে।