জাতীয় পার্টির চেয়ারম্যান মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের শ্রমিকরা এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছে। শ্রমিকরা বেকার হচ্ছে ও নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। জাতীয় পার্টির শাসনামলেই শ্রমিকদের স্বর্ণযুগ ছিল। একমাত্র জাতীয় পার্টিই শ্রমিক সমাজের স্বার্থ রক্ষা করতে পারে।
এরশাদ সোমবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী সংহতি পরিষদের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
শ্রমিক নেতৃবৃন্দ এ সভায় ওয়ার্কচার্জ কর্মচারীদের পেনশনভুক্ত করার দাবিতে তাদের বক্তব্য তুলে ধরলে শ্রমিক নেতৃবৃন্দদের দাবি-দাওয়ার সাথে এরশাদ একমত পোষণ করে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. জিয়াউল ইসলাম ভূঁইয়া, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন ।
