প্রথম দিনেই বাজিমাত করল অ্যাপল ওয়াচ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ২১:২৯
 
অ্যাপলের অনেক আগেই স্মার্ট হাতঘড়ি বাজারে নিয়ে এসেছে বেশকিছু প্রযুক্তি পণ্য নির্মাতা। তবে অ্যাপল ঘোষণা দেওয়ার পর থেকেই এর জন্য প্রতীক্ষায় ছিলেন প্রযুক্তি প্রেমীরা। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য অনলাইনে অগ্রিম ফরমায়েশ নেয়া শুরু করে টেক জায়ান্ট অ্যাপল। আর প্রথম দিনেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে বাজিমাত করেছে তারা। প্রযুক্তি পণ্য সাইটগুলোতে হিসেব দিয়ে বলা হচ্ছে প্রথম দিন শুধু যুক্তরাষ্ট্রেই দশ লাখ মানুষ অ্যাপল ওয়াচের জন্য ফরমায়েশ দিয়েছেন।
 
স্টিভ জবসের অকাল প্রয়াণের পর অভিনব কোনো প্রযুক্তি পণ্য বাজারে নিয়ে আসতে ব্যর্থ হওয়ার যে সমালোচনা এতদিন অ্যাপলকে শুনতে হয়েছে, অ্যাপল ওয়াচ এবার সেই সমালোচনার অবসান ঘটাতে সমর্থ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
 
স্মার্ট হাতঘড়িটির জন্য যেসব ফরমায়েশ অ্যাপল পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কমদামের স্পোর্টস সংস্করণটির জন্য। এর জন্য একেকজন গ্রাহককে গুনতে হবে ৩৮২ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার টাকার সমান। এছাড়াও আরেকটি সংস্করণের ফরমায়েশ রয়েছে যার গড়ে ৭০৭ মার্কিন ডলার।
 
তবে সবচেয়ে বেশি দামের অ্যাপল ওয়াচ এডিশনের কি অগ্রিম বুকিং রয়েছে সে ব্যপারে কিছু জানানো হয়নি। সোনা ও প্লাটিনাম নির্মিত এই সংস্করণের একেকটি স্মার্ট ঘড়ির দাম পড়বে ১৭ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় সোয়া ১৩ লাখ টাকা। সূত্র: ম্যাশেবল