বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জন কেরি বলেন, বিশ্বজুড়ে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে আমি বাংলাভাষী সব মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিরাও বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বের অন্য সব বাঙালি সম্প্রদায়ের মতো পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবের সঙ্গে এই নববর্ষ উদযাপন করবে। জন কেরি বলেন, বাংলা চলচ্চিত্র, গান, কবিতা ও সাহিত্য শুধু বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরেনি, এর মাধ্যমে সমৃদ্ধ হয়েছে মানবতাও। নতুন বছর আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষ!
