সড়কে গণ ডাকাতির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন কুষ্টিয়া মিরপুরের ২ সাংবাদিক। ক্ষতিগ্রস্ত সাংবাদিক দুজন হলেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘গ্রামের কাগজ’পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস এবং দৈনিক ‘মানব জমিন’পত্রিকার কুষ্টিয়ার মিরপুর উপজেলা সংবাদদাতা মারফত আফ্রিদী। রবিরার রাত সাড়ে ৯ টার সময় মিরপুর-দৌলতপুর সড়কের উপজেলার চিথলিয়া মাঠের পিস্তুল চেয়ারম্যানের ইট ভাটার কাছে ওই দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গাছ কেটে রাস্তা বন্ধ করে এক ঘন্টার বেশী সময় ধরে ওই সড়কে গণডাকাতি করে নির্বিঘ্নে চলে যায়। ডাকাতরা সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাসের কাছ থেকে ১টি সবুজ রঙের ডিসকভার ১০০ সিসি মটর সাইকেল, যার নম্বর কুষ্টিয়া-হ ১২-৮৫৫৬, ২টি মোবাইল কিছু নগদ টাকা এবং সাংবাদিক মারফত আফ্রিদীর ১টি হিরো হোন্ডা প্যাশান প্লাস লাল রঙের মটর সাইকেল যার নং কুষ্টিয়া হ-১১-৬৫১৪, ১টি ল্যাপটপ ও দুইটি মোবাইল সেট নিয়ে যায়।
ডাকাতির সংবাদ পেয়েই মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
