সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর এই পদত্যাগপত্র জমা দেয়া হয়। পদত্যাগকারী বিভাগীয় প্রধানরা হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরীফ মো. শরাফ উদ্দিন।
এদিকে বিভাগীয় প্রধানরা পদত্যাগ করায় উল্লেখিত দুই বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তালা দিয়ে অবরোধ করে করে রাখে। ক্যাম্পাসের একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার ও শ্রেণিকক্ষ বরাদ্দ নিয়ে প্রশাসনের সঙ্গে বিভাগীয় প্রধানদের টানাপোড়েন চলছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ইত্তেফাককে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই শিক্ষক বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।
