নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে সেরা হয়েছে ঢাকার আইইউবি কোয়ার্কস ও চট্টগ্রামের টি-স্কয়ার।
প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে যান্ত্রিক ক্লিন ওয়াটার ও কম্বো কোডার দল।
বিজয়ী এই ৪টি দল নিউইয়র্কে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন। এ ছাড়া পিপলস চয়েজ ক্যাটাগরিতে বিজয়ী আরও দুটি দলও এতে অংশ নিতে পারবে।
বেসিস নির্বাহী পরিচালক সামি আহমেদের পরিচালনায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব এন আই খান। এসময় নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক আলী লিওয়েলিন, আইইউবি বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান রাশেদ চৌধুরী, বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
নাসা আয়োজিত এই প্রতিযোগিতা এই প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশে। বেসিস স্টুডেন্ট ফোরাম, আইবিপিসি, ক্লাউডক্যাম্প, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও আইআইইউসির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বেসিস।
