গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, বিজিবি সদস্য নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১২:০৩
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোকলেছ মিয়া (৩৭) নামে এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বকচর এলাকায় এ ঘটনা ঘটে।
 
মোকলেছ সিলেট শহরের বাসিন্দা। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫ ব্যাটালিয়ন  কুড়িগ্রামে কর্মরত ছিলেন।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোকলেছ মিয়া তার বাড়ি সিলেট থেকে সাগরিকা পরিবহনের একটি বাসে করে কর্মস্থলে কুড়িগ্রামে ফিরছিলেন। পথে উপজেলার বকচর এলাকায় বিপরীত মুখী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোকলেছ।
 
এ ঘটনায় আহত চার বাসযাত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। মোকলেছে মিয়ার মরদেহ প্রাথমিকভাবে কর্মস্থল কুড়িগ্রামে নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও  ট্রাকটি আটক করা হয়েছে।’