ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেছেন, মানবজাতিকে সুন্দর সমাজ গড়তে হবে। পরবর্তী প্রজন্মকে আলোর পথযাত্রী হয়ে সত্য ও ন্যায়ের পথে চলার জন্য উপযুক্তভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। মঙ্গলবার সকালে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজনে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সেই সমাজ গড়বার জন্য শপথ নেবার দিন আজ-পহেলা বৈশাখ।
তিনি আরো বলেন, ‘পরবর্তী যারা তারা যেন আলোর পথযাত্রী হয়ে উঠতে পারে, উপযোগী মানবিক সমাজ গড়তে হবে আমাদেরকে। মানবজাতিকে সত্য ন্যায় কল্যাণের পথে চলে প্রকৃত মানুষ হওয়ার সাধনা করতে হবে। সেই অভিযাত্রার শপথ নেবার দিন আজ। আসুন, আমরা সেই আলোর পথে চলবার শপথ নেই।’
দুই পর্বে বিভক্ত বক্তব্যে শুরুতে তিনি বিষয়বস্তু তুলে ধরেন।
সনজীদা খাতুন বলেন, ‘ধর্ম মানুষের স্বভাব বটে। এই স্বভাব ধর্মের নীতিবোধ আমাদের শান্তির পথে আহ্বান করে। নীতিবিহনী আচরণ, ভাই-বন্ধু-সমাজ-দেশ আর বিশ্বের শান্তি প্রতিবন্ধক। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। সুখে শান্তিতে বাঁচবার মানবিক অধিকার চাই। চাই মানুষ হিসেবে আমাদের সকল অধিকারের সুরক্ষা। মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা বিরুদ্ধ যা কিছু তা বস্তুত আর্বজনা। এসো এসো হে, বৈশাখ...তাপস নিঃশ্বাস বায়ে...মূমুর্ষেরে দাও উড়ায়ে/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক...।’
সনজীদা খাতুন বলেন, ‘আমরা চাই নববর্ষের প্রভাতে সকল আর্বজনা দূর হয়ে যাক। সামনের দিনগুলো স্বাধীকার সমৃদ্ধ প্রশান্ত জীবনের প্রতিশ্রæতি নিয়ে আসুক। মনে রাখতে হবে, সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। পরবর্তী প্রজন্মকে নতুন উদ্যমে জাগিয়ে তুলবার দায়িত্ব আপনাদের, আমাদের।’
