গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ চলছে।
মঙ্গলবার সকাল ছয়টায় বৈতালী গেয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এরপর সকাল নয়টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাস ও গোপালগঞ্জ ঘোনাপাড়া মোড় প্রদক্ষিণ করে।
এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পান্তা ভাত-মাছ-ভর্তার ব্যবস্থা করা হয়।
এছাড়া বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, গণিত বিভাগ, কম্পিউটায় সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ব্যবসায় অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে অভিনব স্টল তৈরি করে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে গ্রামীন খেলা দাঁড়িয়াবান্ধা ও বৌচির আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগ ঘুড়ি উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
