মুন্সীগঞ্জে বাংলা নববর্ষে মেতে উঠেছে মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন চলে দিনভর। পান্তা-ইলিশ, লোকজ নৃত্য, বৌচি, দাড়িয়াবান্ধা, লোকজ ক্রীড়া, লোকজ মেলাসহ চলছে নানা আয়োজন। জেলা শহর ছাড়াও প্রতিটি উপজেলা, মহল্লা এবং প্রতিষ্ঠানগুলোতে চলছে জমকালোসব আয়োজন।
সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহর ঘুরে শোভাযাত্রাটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরই এখানে বর্ষবরণের অনুষ্ঠান মালা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। বোশাখের গান, নৃত্যসহ নানা আয়োজনে মুখরিত ছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
প্রতিষ্টানটির শিল্পীদের পরিবেশনায় দীর্ঘ সময় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখ সন্ধ্যায় সঙ্গীতের দিকপাল সৈয়দ আব্দুল হাদী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা সৈনিক রফিকুল আলম ও চলচ্চিত্র শিল্পী আফসানা রুনার পরিবেশনায় বসবে সংঙ্গীতের আসর। চলবে রাত অবধি। জেলা প্রশাসনের এই পুরো আয়োজনের স্পন্সর করছে জিপিএইচ গ্রুপ ও ক্রাউন সিমেন্ট। বর্ষবরণকে নিয়ে মফস্বল শহর মুন্সীগঞ্জে এখন সাজ সাজ রব।
এসব অনুষ্ঠানে অংশ নেন বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি,অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, চিফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট মো হেলাল উদ্দিন, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল আয়োজনটির স্পন্সর জিপিএইচ গ্রুপের পরিচালক আলমাস শিমুল ও আব্দুল আহাদ।
