কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, দুপুর পৌনে একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের রিজার্ভ সিলিন্ডার রুম থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়েলে ইকবাল মজুমদার ( ২২) ও রাজিব চৌধুরী (২৮) দগ্ধ হন। তাদেরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
এ সময় ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষমাণ ২টি প্রাইভেট কারও পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের মালিক আবু জাহের জানান, অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে তিন কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
