গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, ৪৪ বছর পেরিয়ে গেলেও সোহাগপুরের বিধবরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। এ লজ্জা রাষ্ট্রের। স্বজনহারা ও সম্ভ্রমহারা সকল নারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে রাষ্ট্রকে তাদের দায়িত্ব নেওয়ার দাবি জানান তিনি।
পহেলা বৈশাখের দুপুরে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে বিধবাদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. ইমরান এইচ বলেন, যুদ্ধাপরাধের দায়ে বর্তমান সরকার ঘাতক কাদের মোল্লা ও কামারুজ্জামানকে ফাঁসি দিয়েছে। এজন্য জাতি কৃতজ্ঞ। বিচারের পাশাপাশি আমাদের দাবি যেসব জেলা ইতোমধ্যেই কলঙ্কমুক্ত হয়েছে সেসব জেলা ও গ্রামগুলোকে বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক মডেল হিসাবে ঘোষণা দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত স্বজন হারা নিঃস্ব পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
এসময় তিনি বেসরকারী ব্যাংক, বীমা, গণমাধ্যম ও এনজিওদের উদ্দেশে বলেন, আপনাদের দায়িত্ব রয়েছে যেসব নারীরা মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারিয়েছে, নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়ানো।
এর আগে দুপুরে গণজাগরণ মঞ্চের প্রায় শতাধিক নেতা-কর্মী নিয়ে ড. ইমরান সোহাগপুর বিধবাপল্লীতে এসে ১৯৭১ সালের ২৫ জুলাই নিহত শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় তার সাথে শেরপুর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, ঘাতক দালাল নির্মূল কমিটি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় শহীদ পরিবার কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে বিধবাদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতে আসেন মঞ্চের মুখপাত্র। এসময় তাকে দেখে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন বিধবরা। তাদের কান্নায় উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি।
পরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে, ইমরান এইচ সরকার, জীবনানন্দ জয়ন্ত, সবাক পাখি, শেখ রুদ্র শাম্মি হক, শিবলী হাসান বিধবাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন।
এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আলহাজ দুলাল মিয়া ৩২ বিধবার হাতে নববর্ষের বস্ত্র কেনার জন্য ১ হাজার করে ৩২ হাজার টাকা তুলে দেন। দুপুরে মঞ্চের নেতৃবৃন্দ বিধবাদের নিয়ে সোহাগপুর স্মৃতিসৌধ এলাকায় পান্তাভাত খান। এসময় বিধবারা ইমরান এইচ সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার দাবি জানালে তিনি বিধবাদের ওই দাবি পূরণে চেষ্টা করার আশ্বাস দেন। বিকেলে কাঁকরকান্দি মুক্তিযোদ্ধা মঞ্চে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গণজাগরন মঞ্চের নেতৃবৃন্দকে সংবর্ধিত করা হয়।
