‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতির প্রতিবাদ’ এই প্রত্যয় নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে নগরীতে বাংলা নববর্ষ-১৪২২ বরণ চলছে।
মঙ্গলবার সকাল সোয়া সাতটায় বিএম কলেজের তমাল তলায় প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এখানে নিখিল সেন বলেন, মহাকাল অনন্ত, নতুন বর্ষ তারই অংশ। বাঙালীর চরিত্র মাথা নেয়াবার নয়। তিনি আশা প্রকাশ করেন নতুন বছরের নতুন প্রাতে সকল প্রতিকূলতা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি পাশাপাশি অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ারও দৃঢ় প্রত্যয় নিয়ে সকলকে কাজ করার আহবান জানান।
এরপর উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই সংগীতের মধ্যদিয়ে প্রভাতি অনুষ্ঠানের সূচনা করেন। জাতীর সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন চারুকলা বিদ্যালয়ের দুই সংগঠক। শিশুদের হাতে রাখি পরিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজতবা আলী।
ঢাক উৎসবের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী। সাড়ে আটটায় বিএম কলেজ থেকে চারুকলার নেতৃত্বে শত শত মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া নতুন বর্ষকে বরণের জন্য অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে এই প্রত্যয় নিয়ে খেলাঘর সকাল সাতটা থেকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রান্তিক সংগীত বিদ্যালয় সকাল ১০ টায় আয়োজন করে প্রীতি সম্মেলনের।
এছাড়াও জেলা প্রশাসন সার্কিট হাউসে সকাল আটটায় পান্তা ইলিশ এবং শিশু একাডেমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ব সাহিত্য কেন্দ্র সকাল দশটায় ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে পান্তা ইলিশ ও বর্ষ বরণ উৎসব। টিআইবি দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শন করে।
বর্ষবরণ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে বিএম স্কুল মাঠে তিন দিনের মেলা শুরু হয়েছে। চাঁদের হাটের মেলা হচ্ছে আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে এবং শিশুদের জন্য প্লানেট ওয়ার্ল্ডে তিন দিনব্যাপী অনুষ্ঠান থাকছে। আর চারুকলার দুই দিনের অনুষ্ঠানে সিটি কলেজ মাঠে থাকছে লোকজ অনুষ্ঠান জারি ও কবিগান। একইভাবে শব্দাবলী বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাঠি খেলার মধ্যদিয়ে বাংলা বর্ষবরণের তিন দিনের উৎসব শুরু করবে।
বৈশাখের সকল অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্নে জন্য নগর জুড়ে র্যাব ও পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
