নির্বাচনের আগে ভারতের অর্থনীতিতে মন্থরগতি

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:১৩

জাতীয় নির্বাচনের আগে ভারতের অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ছে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে বছরের তৃতীয় ভাগে এসে জিডিপি ৬ দশমিক ৬ এ নেমেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। গত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী বছরের তৃতীয় ভাগে ভারতের অর্থনীতির গতি আরও মন্থর হয়েছে। বছরের দ্বিতীয় ভাগে জিডিপি ছিল ৭ দশমিক ১।

লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। ভারতের একজন অর্থনীতিবিদ আশুতোষ দাতার বলেন, জিডিপি বাড়াতে নির্বাচনের আগে আর কিছু করার নেই মোদী সরকারের। ভোক্তাদের কেনাকাটা কমে যাওয়া এবং কম বিনিয়োগের কারণে জিডিপি কমেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টির জন্য জিডিপি ৮ হওয়া প্রয়োজন। ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যমতে সেখানে বর্তমানে বেকারত্বের হার ৬ দশমিক ১ যা বিগত বছরগুলো থেকে বেশি। সমালোচকরা বলছেন, মোদী অর্থনীতিকে চাঙ্গা করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেননি।

নয়াদিল্লি ও ইসলামাবাদের সামরিক সংকটের কারণেও বিদেশি বিনিয়োগ নিরুত্সাহিত হচ্ছে। পরমাণু শক্তিধর দুই দেশ একে অপরের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। মুম্বাইভিত্তিক আনন্দ রাথি সিকিউরিটিজ কোম্পানির অর্থনীতিবিদ সুজন হাজরা বলেন, অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধি এবং নিরাপত্তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা নিরুত্সাহিত হবে।