সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। ইসলামি চরমপন্থি গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
আল-শাবাব দাবি করেছে, বৃহস্পতিবারের হামলার লক্ষ্যবস্তু ছিল মক্কা আল মুকাররমা হোটেল। তবে পুলিশের ভাষ্য, জঙ্গিরা একজন বিচারপতিকে হত্যার জন্য বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, আপিল আদালতের প্রধান বিচারপতি আবশির ওমরের বাসভবনের কাছে গাড়িবোমাটি বিস্ফোরিত হয় এবং বাড়ির বাইরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি হয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, হামলায় প্রাথমিকভাবে ১১ জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছিলেন।
মোহাম্মদ হোসাইন বলেন, বিস্ফোরণের পর কমপক্ষে চার বন্দুকধারী আশপাশের ভবন ও দোকানে গুলিবর্ষণ করেন। এ সময় কাছাকাছি থাকা নিরাপত্তা বাহিনীর সদস্য ও হোটেলের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে বিচারপতি ওমরের বাড়ির ছাদের একাংশ উড়ে যায়।
