তালাকপ্রাপ্তদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি!

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৩:০৪
 
যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের চেয়ে তালাকপ্রাপ্তদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। বুধবার এমন তথ্য জানিয়েছে বিবিসি।
 
বিবিসি জানিয়েছে, ১৫ হাজার ৮২৭ জনের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে এই সমস্যায় নারীরা বেশি ভুক্তভোগী। তারা পুনরায় বিয়ে করলে এই সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পায়।
 
গবেষণাটি সার্কুলেশন জার্নালে প্রকাশিত হয়েছে।  গবেষণায় দাবি করা হয়েছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ বিবাহ বিচ্ছেদের সাথে সম্পর্কিত। এটি শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
 
 
এর আগের একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, কাছের কোনো মানুষ মারা যাওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এখন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারলিনার ডিউক ইউনিভার্সিটি বিবাহ বিচ্ছেদের কারণে একই ঝুঁকির কথা বলছে।
 
১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত গবেষণাকালে দেখা গেছে, তিনজনের মধ্যে অন্তত একজনের একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে।
 
গবেষণায় দেখা গেছে, বিবাহিত নারীদের চেয়ে তালাকপ্রাপ্ত নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৪ শতাংশ বেশি। আর যেসব নারীদের একের অধিক বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ৭৭ শতাংশ বেশি। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে  এই ঝুঁকি প্রথমবার বিবাহ বিচ্ছেদে ১০ শতাংশ ও একের অধিক বিবাহ বিচ্ছেদে ৩০ শতাংশ বেশি।
 
গবেষকদের একজন অধ্যাপক লিন্ডা জর্জ বলেছেন, উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকির বিষয়টি আরো বাড়িয়ে দেয়।
 
পুনরায় বিয়ের করার পর নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি কিছুটা কমে। তবে পুরুষরা নারীদের চেয়ে বেশি উপকার পায়। আর এটি গবেষণাপত্রের সবচেয়ে মাজার বিষয় বলে মনে করেন জর্জ।