আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শহীদসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ ও ছাত্রাবাস বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের আজ বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের দু’গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটন ঘটে। এরই জের ধরে আজ ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রলীগের বহিস্কৃত নেতা সরোয়ারের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী ডাঃ মুক্তা ছাত্রাবাসে হামলা চালায়। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শহীদুজ্জামান শহীদসহ ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে শহীদ, তার ছোট ভাই আসাদ ও ছাত্রলীগ নেতা আসিক ফেরদৌসকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ওই ছাত্রবাসের ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর কক্ষে ব্যাপক ভাংচুর করে ল্যাপটপসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
