লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৪:৩৯
 
লক্ষ্মীপুর সদর উপজেলায় ইব্রাহিম হোসেন বাবলু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতের দিকে চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বাবলু একই গ্রামের মৃত মো. মহসিনের ছেলে ও চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক বলে জানা গেছে।
 
বাবলুর ছোট ভাই সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. মোরশেদ আলম জানান, রাতে কুকুরের ডাক শুনে বাবলু ও তার স্ত্রী ঘর থেকে বের হন। এসময় পাশের বাগান থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।