‘হরতাল-অবরোধের নামে মানুষ হত্যাকারীদের ছাড় নেই’

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৫:৫৪
 
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ বলেছেন, অবরোধ ও হরতালের নামে দেশে যে নাশকতা চালানো হয়েছে, তার সাথে জড়িতরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের যে পর্যন্ত আইনের হাতে তুলে দেয়া না হবে, ততদিন যৌথ অভিযান চলবে। এদের আইনের আওতায় আনতে যতদিন সময় লাগবে এই অভিযানও ততদিন চলবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
 
আজিজ আহমদ বলেছেন, পুলিশ প্রশাসন যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন বিজিবি, র‍্যাব তাদের সহযোগিতা করে যাবে। হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যাসহ অনেক মানুষকে পঙ্গু করে দেয়া হয়েছে। সাধারণ মানুষকে হত্যাকারীদের কোন ক্রমেই ছাড় দেয়া হবে না।
 
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে প্রার্থীদের প্রচারণা ও ভোটগ্রহণে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, বিজিবি সেভাবে কাজ করবে। ভোটরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে যে জন্য বিজিবির উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
 
এ সময় বিজিবি রংপুর ডিভিশনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী জোনের সেক্টর কমান্ডার কে এম ফেরদৌসুল সাহাব, র‍্যাব এর এডিশনাল ডিআইজি মাহমুদুল হাসান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস,এম এমরান হোসেন, সিআইডি কর্নেল নুরুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।