পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে দরপতনের পর বুধবার বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। আশার দিক হলো—বাজারে এ বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। লেনদেনের ক্ষেত্রে অন্য দিনের মতোই জ্বালানি খাতের অবদান ছিল শীর্ষে। এ খাতে লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকার, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ২৭ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৭২ বেড়ে ১৩ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দর।
