ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউটর কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো সংবেদনশীল কারণ রয়েছে কিনা, তা জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে—গত ৫ এপ্রিল কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বেড়েছে। ৬২ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির শেয়ারের বরাদ্দমূল্য ছিল ৭২ টাকা। সাত দিনেই তা প্রায় দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যায়। বুধবারও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬.১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের এ ধরনের দরবৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। তাই দর বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য রয়েছে কিনা, তা জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই।
