বাংলাদেশি গৃহকর্মীদের ২০ এপ্রিল থেকে ভিসা দেবে সৌদি আরব

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ২০:৩৬
 
দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ব্যাপারে রাজি হয়েছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি গৃহকর্মীদের জন্য আগামী ২০ এপ্রিল থেকে ভিসা প্রক্রিয়া শুরু করছে সৌদি আরব। দেশটির শ্রম মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। সৌদি আরবের উপ-শ্রমমন্ত্রী আহমেদ আল-ফাহাইদ বলেছেন, গত মাসে দুই দেশের সরকারের মধ্যে চুক্তির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
 
আল-ফাহাইদ এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঢাকায় ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন। এ বিষয়ে আল-ফাহাইদ বলেন, এটি একটি সমন্বিত চুক্তি, যাতে মালিক ও শ্রমিক উভয়ের অধিকার রক্ষিত হয়েছে। বাংলাদেশের কর্মীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়া চলবে না এবং পেশাগত প্রশিক্ষণ থাকতে হবে। এছাড়া সৌদি আরবের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ এবং শ্রম আইন সম্পর্কে কর্মীদের অবশ্যই সচেতন হতে হবে।
 
এ বিষয়ে মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ১২ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে ২০০৮ সাল থেকে আরোপ করা নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নেয় দেশটি।
 

প্রতিবেদনে আরো বলা হয়, এর আগে এক বিবৃতিতে বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছিলেন, তাঁর দেশে একটি তথ্যকেন্দ্র রয়েছে, যেখানে বৈদেশিক কর্মসংস্থানের জন্য ২০ লাখ শ্রমিক নিবন্ধিত রয়েছেন। এর মধ্যে প্রশিক্ষিত পাঁচ লাখ গৃহকর্মী, নার্স এবং প্রকৌশলী রয়েছেন। এসব কর্মীর প্রশিক্ষণের জন্য ৬৪টি প্রশিক্ষণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে। এ বিষয়ে সৌদিতে বাংলাদেশ দূতবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর মোহাম্মদ সরওয়ার বলেন, এটা বাংলাদেশের জন্য খুবই বড় খবর।