সাভারে সিআরপি’র ওপেন ডে পালিত

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ, সমঅংশগ্রহণ, সমঅধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে তাদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন নিশ্চিতকল্পে গতকাল শুক্রবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) পালিত হয়েছে ‘ওপেন ডে’। এবারের প্রতিপাদ্য ছিল ‘সমতার পথে সবাই একসাথে’। প্রতি বছর সিআরপি তার সেবাগ্রহীতা, দাতা, বন্ধু, স্বেচ্ছাসেবক, কর্মী ও শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষের মাঝে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুনদের সেবা ও কার্যক্রমে আরও বেশি অবহিত করার জন্য এই ওপেন ডে’র আয়োজন করে থাকে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের প্রাক্তন প্রধান প্রকৌশলী সৈয়দ আজিজুল হক। এছাড়াও মেলায় নিজের বই নিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি টেইলর, নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলামসহ সিআরপি’র রোগী, ছাত্র-শিক্ষক, ভলান্টিয়ার, কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।