বাসা-বাড়িতেই রান্না করবে রোবট শেফ!

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১২:২৯

রোবটের নানা ধরনের ব্যবহারের সাথেই পরিচিত এখন সকলে। আরও নতুন নতুন ব্যবহারের খবরও ক্রমেই বেরিয়ে আসছে গবেষক ও রোবটিক্স কোম্পানিদের কাছ থেকে। এরই ধারাবাহিকতায় এবারে বাসা-বাড়ির জন্য রোবট শেফ তৈরির কথা জানিয়েছে ব্রিটিশ এক কোম্পানি।

মলি রোবটিক্স নামের এই কোম্পানি সম্প্রতি এমন একটি প্রোটোটাইপ রোবট শেফ প্রদর্শনও করেছে এক তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে। সাধারণভাবে এর আগেও কিছু মাত্রায় রোবট শেফের কথা জানা গেলেও নতুন এই রোবট শেফটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সময়ের সাথে সাথে মানুষের মতোই রান্না শিখতে থাকবে। ফলে এই রোবট শেফের কাছ থেকে নতুন নতুন রেসিপির রান্না পাওয়া সম্ভব হবে। রান্নার সময় শেফ যেভাবে নড়াচড়া করেন, তা পর্যবেক্ষণের মাধ্যমে শিখতে থাকবে এই রোবট। এসব নড়াচড়ার তথ্য সরাসরি রোবটটি কমান্ডে পরিণত করবে, যা বাস্তবায়ন করবে এর দুইটি রোবটিক বাহু।

২০১১ সালের বিবিসি মাস্টারশেফ চ্যাম্পিয়ন টিম অ্যান্ডারসন এই রোবট শেফকে প্রশিক্ষণ প্রদান করছেন। নতুন এই রোবট প্রসঙ্গে টিম অ্যান্ডারসন বলেন, ‘আপনি কোনোকিছু রান্না করতে চাইলে একে গোটা প্রক্রিয়াটি জানিয়ে দিন। বাকি কাজটুকু এটি নিখুঁতভাবে সম্পন্ন করবে। আর এই রোবটের একটি বড় সুবিধা হলো এটি প্রতিবার ঠিক একই প্রক্রিয়া হুবহু বাস্তবায়ন করতে পারে, যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব।’

কোনো রান্নার কাটাকাটি থেকে শুরু করে রান্না শেষে কুকিং টেবিল পরিস্কার করা পর্যন্ত সব কাজই করবে মলি রোবটিক্সের এই রোবট শেফ। এর বর্তমান প্রোটোটাইপের সাথে একটি রেফ্রিজারেটর এবং একটি ডিশওয়াশারও সংযোজন করার পরিকল্পনা রয়েছে মলি রোবটিক্সের। আর এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে রোবট শেফ বাজারজাত করতে বছর দুয়েক সময় লাগবে বলে জানিয়েছে তারা।