চুয়াডাঙ্গা জেলা শহরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রচণ্ড শব্দ করে আগুন লেগে ব্যস্ততম রাস্তার উপর দুইটি স্থানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে।
জানা গেছে শহরের শহীদ আবুল কাশেম সড়কের সরকারি গার্লস হাইস্কুল ও শহীদ হাসান চত্বর সংলগ্ন সদর থানা কার্যালয়ের সামনে সড়কের উপর বিদ্যুতের তার ছিড়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোন প্রাণহানি অথবা আহতের ঘটনা না ঘটলেও অনেক ব্যবসায়ীর বিদ্যুতের মিটার পুড়ে গেছে। পরে ওই স্থানের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ দ্রুত বন্ধ করে দেয়। এদিকে, ঘটনার খবরে ফায়ার ব্রিগেড ও বিদ্যুতের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গার থানার এস আই মামুন উর রশিদ জানান, বিদ্যুতের তার ছিড়ে হতাহতের ঘটনা ঘটেনি।
চুয়াডাঙ্গা বিদ্যুত উপকেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন বলেন, লাইন মেরামত শেষে বিকাল নাগাদ শহরের বড় বাজার এলাকায় পুনরায় বিদ্যুত সরবরাহ করা হবে।
