যশোরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৬:১১
যশোরে ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহত আকবর আলী (২২) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। বুধবার মধ্যরাতে গণপিটুনির শিকার আকবর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায়। 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি জানান, বুধবার মধ্যরাতে যশোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে আকবরসহ কয়েকজন ছিনতাইকারী। এ সময় কয়েকটি নসিমনের যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে আকবরকে ধরে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। 
ওসি আরও জানান, আকবর চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে মারপিটের দুটি মামলাসহ চুরি, ছিনতাইয়ের বেশকিছু অভিযোগ রয়েছে।