কুমিল্লায় ডিবি পরিচয়ে সামরুজ্জমান ওরফে সামরুল নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণ করে শ্রমিকদের বেতনের সোয়া ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মারধরের পর রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার দিনে-দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চৌদ্দগ্রামের ড্রাগন গ্রুপের সিডি এ্যাক্রিলিক গার্মেন্টস এর প্রশাসনিক কর্মকর্তা সামরুজ্জমান ওরফে সামরুল বৃহস্পতিবার দুপুরে সাউথ ইস্ট ব্যাংকের মিয়াবাজার শাখা থেকে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য টাকা উত্তোলন করেন। গার্মেন্টস এর মহাব্যবস্থাপক (জিএম) সোহরাব হোসেন জানান, ব্যাংক থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা নিয়ে সামরুল একটি রিকশাযোগে গার্মেন্টসের অফিসে আসছিলেন। পথিমধ্যে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নেয় এবং মারধর করে গুরুতর আহত করে ওই টাকা ছিনিয়ে নিয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার মগবাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার জানান, বিকালে গার্মেন্টস কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
