জাবিতে উত্যক্ত করায় সংগঠন থেকে ৫ ছাত্রলীগকর্মী বহিষ্কার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ২২:২৪
পহেলা বৈশাখ রাতে ছাত্রী লাঞ্ছনার ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 
 
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
সাময়িক বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয় (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪২তম ব্যাচ), শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ (রসায়ন বিভাগ, ৪২ তম ব্যাচ), ছাত্রলীগ কর্মী আবদুর রহমান ইফতি (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ), রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিভাগ, ৪৩তম ব্যাচ) এবং নুরুল কবীর (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)। 
বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, অপরাধী যেই হোক না কেন দোষি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
 
এ ঘটনায় দোষিদের দ্রুত বিচার দাবি করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, ‌'এটা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিরাপত্তাদানে ব্যর্থতার প্রমাণ। দোষিদের শাস্তির পাশাপাশি যারা এটা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে, তাদেরও শাস্তির দাবি করছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করা হবে।
 
এ বিষয়ে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই এটি যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়ে দেয়া হয়েছে।