বিদ্রোহীদের হামলায় ১০ জন সেনা নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বিদ্রোহীদের লক্ষ্যবস্তুগুলোতে পুনরায় হামলা শুরু করার নির্দেশ দিয়েছেন। এসময় তিনি সেনাসদস্য হত্যার ঘটনায় দেশটির রেভলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-ফার্ককে দায়ী করেছেন প্রেসিডেন্ট।
দেশটিতে নতুন করে লড়াই শুরু হলে বহু চেষ্টায় অর্জিত বর্তমান শান্তি অবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীগোষ্ঠী ফার্ক এর এক পাক্ষিকভাবে যুদ্ধ বিরতি ঘোষণা করে। এর পর গত মাসে বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনার পর প্রেসিডেন্ট বিদ্রোহীদের ওপর বিমান হামলা বন্ধ করেছিলেন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ককা প্রদেশে বুধবার ভোরে বিদ্রোহীদের আচমকা হামলায় ১০ জন সেনা নিহত হয়। এসময় বিদ্রোহীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুঁড়ে।
এই হামলার ঘটনাকে কোন ভুল বুঝাবুঝি থেকে নয় বরং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট। ফার্কের শিবিরগুলো লক্ষ্য করে যে হামলা বন্ধের নির্দেশ ছিল প্রেসিডেন্টের তরফ থেকে, সে আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে দেশটি নতুন করে সংঘাতের দিকে এগিয়ে গেল। সূত্র: আলজাজিরা
