ছিটকে যাওয়া ইয়াসিরের বদলে বাবর

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ২১:৫৮
 
 
এবার চোটের কবলে পড়ে বাংলাদেশ সফরকারী পাকিস্তান দল থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। বিসিবি একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে তিনি বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন। পাকিস্তানের পূর্ব নির্ধারিত দলের তৃতীয় খেলোয়াড় হিসাবে চোটের কারণে ছিটকে পড়তে হলো ইয়াসিরকে। তার বদলে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ডাকা হয়েছে জুলফিকার বাবরকে।
 
বুধবার নারয়ণগঞ্জের ফতুল্লাহ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে বল লাগে ইয়াসিরের হাতে। পরে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চোটগ্রস্ত আঙ্গুলে তিনিটি সেলাই দেয়া হয়। 
 
এর ফলে সিরিজ শুরুর আগে সফরকারী দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে স্কোয়াডের বাইরে চলে যেতে হচ্ছে ইয়াসির শাহকে। এর আগে ইনজুরির কবলে পড়ে একে একে দল থেকে ছিটকে পড়েন যথাক্রমে শোয়েব মাকসুদ ও সোহেল খান। 
 
এদিকে ইয়াসিরের চোটের তথ্য নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘অনুশীলন ম্যাচে অংশগ্রহনের সময় চোটের কবলে পড়েছেন ইয়াসির শাহ। তার বাঁ হাতের আঙ্গুলে সেলাই হয়েছে। সময় মত তার পরিবর্তিত ওডিআই খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।’
 
এদিকে পরিবর্তিত হিসেবে প্রথমিকভাবে বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরের প্রতি আস্থা রেখে তার পক্ষে সমর্থন দিয়েছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুন রশিদ। ইতোমধ্যে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
 
রশিদ বলেন,‘ ইয়াসির একদিনের সিরিজ থেকে বাদ পড়েছেন। আজকের মধ্যেই তার বদলে কে আসছেন সেটা নির্বাচন করা হবে। তবে ওই স্থানটিতে জুলফিকার বাবর অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা বেশি। তাকে ইতোমধ্যে টেস্ট স্কেয়াডে যুক্ত করা হয়েছে।’
 
তবে  প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে কাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
 
২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওডিআই অভিষেক পেয়েছিলেন ইয়াসির।এরপর সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও অসামান্য ভুমিকা রেখেছিলেন এই লেগ স্পিনার। ১১৬ রানের বিপরীতে ৭ উইকেট সংগ্রহ করেন তিনি। তার ওই অসাধারণ নৈপুন্যে ভর করে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। যেটি ছিল প্রায় ২০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকদের প্রথম সিরিজ জয়। 
 
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ পেলেও তিনি এতটাই ব্যর্থ হয়েছেন যে পরবর্তী কোন একাদশে তাকে আর অন্তর্ভুক্ত করার সাহস পাননি দল নির্বাচকরা।
এদিকে, জুলফিকার তার সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে। বিশ্বকাপ দলেও ছিলেন না এই বাহাতি স্পিনার। বাসস/ ক্রিকইনফো