আলোচিত ও নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের অ্যাকাউন্ট দুই দিন বন্ধ রাখার পর আবারো খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল রাতে এক টুইটে তসলিমা নাসরিন অভিযোগ করে বলেন, ‘ইসলামী মৌলবাদীদের’ চাপে ফেসবুক কর্তৃপক্ষ একাউন্ট বন্ধ করে দিয়েছে। টুইটে তিনি লেখেন, যখনই ইসলামী মৌলবাদীরা আমার কোন পোস্ট নিয়ে অভিযোগ তোলে তখনই স্টুপিড ফেসবুক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বার বার অনুরোধ জানানোর পরও তারা আমার অ্যাকাউন্ট খুলে দেয়নি। তারা এটা করছে ইসলামী মৌলবাদীদের শান্ত করার জন্য, যারা চায় না যে আমি আমার মতামত সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরি।
এরপর বুধবার রাতে আরেক টুইটে তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার কথা জানান। অ্যাকাউন্ট খুলে দেয়ার বিষয়ে তসলিমা টুইটে বলেন, আমাকে সমর্থন দেয়ার জন্য সংবাদ মাধ্যম, ফেসবুক বন্ধু আর আমার ফলোয়ারদের ধন্যবাদ। ফেসবুক, ফ্যানাটিকদের কথায় কান দিও না।
