সিলেট মহানগরীতে প্রথমবারে মতো ‘ফুট ওভারব্রিজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। নগরীর ব্যস্ততম এলাকা কোর্ট পয়েন্টে এই ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হবে দেড় কোটি টাকা।
সূত্র জানায়, অর্থমন্ত্রীর বিশেষ কোটার বরাদ্দ থেকে সিলেট সিটি করপোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চিটাগং ড্রাই ডক লিমিটেড।
নগরীর জিন্দাবাজার ও আম্বরখানা পয়েন্টেও ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এই দুই স্থানে সিঁড়ির জায়গা না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। কোর্ট পয়েন্টে নির্মিতব্য ফুট ওভারব্রিজটির সিঁড়ি থাকবে ছয়টি। সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজ জানান, গত শুক্রবার ব্রিজের ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে। এটি শেষ হতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।
অন্যদিকে সিলেট জেলা পরিষদের অর্থায়নে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে নির্মিত হচ্ছে আরেকটি ফুট ওভারব্রিজ। কিছুদিনের মধ্যে সেটিরও কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এই ফুট ওভারব্রিজগুলো নির্মিত হলে সিলেট শহরের যানজট সমস্যার সমাধান হবে। বর্তমানে যানজটে চরম ভোগান্তিতে রয়েছে নগরবাসী।
